কেন্দ্রীয় কমিটির ৮১ সদস্যের মধ্যে ৭৭ জন মনোনয়ন প্রত্যাশী

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ০০:২১

কেন্দ্রীয় কমিটির ৮১ সদস্যের মধ্যে ৭৭ জনই আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয় করেছেন। চারজন মনোনয়ন ফরম ক্রয় করেননি। তারা হলেন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা এবং মেরিনা জাহান।

ইত্তেফাকের সঙ্গে আলাপকালে মনোনয়ন ফরম ক্রয় না করা এই চার কেন্দ্রীয় নেতা জানান, দলের কেন্দ্রীয় কমিটিতে থাকাটাই সম্মানজনক। এছাড়া নিজ নিজ আসনে নিজের চেয়ে যোগ্য প্রার্থী থাকায় তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। এদিকে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেননি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও জাতীয় চার নেতার অন্যতম তাজউদ্দীন আহমদ ও সৈয়দা জোহরা তাজউদ্দীনের একমাত্র ছেলে সোহেল তাজ শুক্রবার চলে গেছেন যুক্তরাষ্ট্রে। তবে নির্বাচনের সময় দেশে ফিরে নৌকার পক্ষে মাঠে থাকতে পারেন বলে জানা গেছে।  ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ কাপাসিয়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৯ সালের ৬ জানুয়ারি সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলেও ২০০৯ সালের ৩১ মে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। ২০১২ সালের ৭ জুলাই সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন।