ঢাকার অদূরে নবাবগঞ্জে দুর্নীতি দমন কমিশন অভিযান চালিয়ে অবৈধ একটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। একই সঙ্গে ওই ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে দুদক টিম। দুদকের অভিযোগ কেন্দ্র (হট লাইন ১০৬) আগত অভিযোগের ভিত্তিতে দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে এ অভিযান চালানো হয়। স্থানীয় উপজেলা প্রশাসন, পুলিশ, পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত দুদক টিম এ অভিযান চালায়।
দুদক সূত্র জানায়, নবাবগঞ্জের ভাওয়ালিয়া নামক গ্রামে বেআইনিভাবে একটি ইটভাটা তৈরির কারণে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকার ব্যাপক ফসলহানি এবং জনজীবন বিপন্ন হচ্ছে বলে দুদকের অভিযোগ কেন্দ্রে অভিযোগ আসে। এমন অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। এ বিষয়ে দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন “যত বড় ক্ষমতাধরই হোক না কেন, পরিবেশ-দুর্নীতি দুর্যোগ প্রতিরোধে দুদক প্রতিজ্ঞাবদ্ধ। এই বিধ্বংসী ইট ভাটাকে কেন্দ্র করে কারা কারা দুর্নীতির মাধ্যমে লাভবান হয়েছে, শীঘ্রই তাদের বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করবে।
