খুলনায় ভরাট হয়ে গেছে ৫২২ খাল

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১২:৪৪

খুলনা জেলায় প্রায় ৫২২টি খাল ভরাট হয়ে গেছে। যেগুলো খনন করা হলে কৃষিক্ষেত্রে মিষ্টি পানি সরবরাহ করা সম্ভব হবে। গতকাল রবিবার দুপুরে খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ডিসেম্বর মাসের সভায় এ তথ্য জানানো হয়েছে। জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাফিজুর রহমান বলেন, খুলনা জেলায় প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার এলাকার ৫২২টি খাল ভরাট হয়ে গেছে। যেগুলো খনন করা হলে কৃষিক্ষেত্রে মিষ্টি পানি সরবরাহ করা সম্ভব হবে। এছাড়া তিনি জরুরি-ভিত্তিতে ঝুঁকিপূর্ণ বাঁধগুলো সংস্কার করার অনুরোধ জানান।

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ সভায় জানান, এ পর্যন্ত খুলনা জেলায় প্রায় ১৫ লাখ মানুষকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ এবং ৫ লাখের অধিক মানুষকে দ্বিতীয় ডোজের আওতায় আনা হয়েছে। শিক্ষার্থীদের টিকার প্রথম ডোজ চলমান রয়েছে। তিনি ওমিক্রন প্রতিরোধে সকলকে মাস্ক পরার অনুরোধ জানান।

সমাজসেবা দপ্তরের উপপরিচালক খান মোতাহার হোসেন জানান, বয়স্কভাতা, অসচ্ছল প্রতিবন্ধীভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির অওতায় সব সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে। খুলনা জেলায় এ পর্যন্ত অনলাইনে প্রায় ৫৭ হাজার আবেদন পড়েছে। এর মধ্যে ভাতা বরাদ্দ পাওয়া গেছে ৪৬ হাজার। সমাজসেবা অধিদপ্তর থেকে বিভিন্ন ভাতার অর্থ মোবাইল ফোন ব্যাংকিং নগদের মাধ্যমে প্রদান করা হচ্ছে। সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত সব সংস্কারযোগ্য বাঁধ ও পোল্ডার দ্রুত মেরামত, মাদকের বিস্তাররোধে উপজেলা পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা এবং সঠিকমান বজায় রেখে উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন। এছাড়া তিনি সব দপ্তরে ই-নথি প্রচলন ও ওয়েবপোর্টালগুলো হালনাগাদ করার নির্দেশনা দেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রধান ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএইচপি