মানিকগঞ্জ ঘিওরে ভার্মি কম্পোস্ট সার উত্পাদন, ব্যবহার ও মাটির উত্তম স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পয়লা ইউনিয়নের নলকুড়িয়া মোঃ মজিবর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার ত্রিশটি ব্লকের কৃষক-কৃষানিরা নতুন প্রযুক্তিতে তৈরি ভার্মি কম্পোস্ট সার প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে মাঠ দিবস উপলক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার লিয়াকত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী, জেলা অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আশরাফ উজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন প্রমুখ। অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল এবং কম্পোস্ট সার ব্যবহারের সুফল বিষয়ে ফসলের জন্য ভার্মি কম্পোস্ট সারের (কেঁচো কম্পোস্ট) গুরুত্বের বিভিন্ন দিক তুলে ধরেন আলোচকরা।
বক্তারা বলেন, আমাদের মূল লক্ষ্য বিষমুক্ত সবজি চাষ। কেঁচো কম্পোস্ট একটি জৈব সার যা জমির উর্বরতা বাড়াতে ব্যবহার করা হয়। গাছের পাতা, খড়, গোবর, লতা-পাতা, পচনশীল আবর্জনা ইত্যাদি খেয়ে কেঁচো মলত্যাগ করে এবং এর সঙ্গে কেঁচোর দেহ থেকে রাসায়নিক পদার্থ বের হয়ে কেঁচো কম্পোস্ট তৈরি হয়। কেঁচো কম্পোস্ট স্যার তৈরির খরচ কম এবং এই সারের চাহিদা ও বাজার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই সার তৈরি করে আর্থিকভাবে লাভবান হতে পারেন কৃষকরা।
