ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রদানে দুর্নীতি রোধে দুদকের অভিযান

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৪

চাঁদপুর সদরে ডাকাতিয়া নদীর উপর একটি সেতুর নির্মাণ কাজে স্থানীয় জমি অধিগ্রহণ করায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের অর্থ যেন দুর্নীতিমুক্তভাবে পরিশোধ করা হয় সে লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম অভিযান চালিয়েছে। গতকাল বুধবার দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এইচ.এম আখতারুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের এনফোর্সমেন্ট টিম চাঁদপুরে গিয়ে এ অভিযান চালায়।

দুদকের অভিযোগ কেন্দ্রে আসা অভিযোগের ভিত্তিতে দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরীর নির্দেশে ক্ষতিপূরণের অর্থ যেন দুর্নীতিমুক্তভাবে পরিশোধ করা হয় সে ব্যাপারে দুদক টিম স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে।

দুদক সূত্র জানায়, চাঁদপুর সদরে ডাকাতিয়া নদীর উপর একটি সেতুর নির্মাণকাজে স্থানীয় জমি অধিগ্রহণ করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এল.এ চেকের উপর ঘুষ দাবি করে জনসাধারণকে হয়রানি করছেন— দুদক অভিযোগ কেন্দ্রে (১০৬) একটি অভিযোগ আসে। এরই প্রেক্ষিতে দুদকের তিন সদস্যের এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়।