প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিমানবন্দরে স্থাপিত ডেস্কগুলোর সাইনবোর্ড বাংলা ও ইংরেজি ভাষায় লিখতে হবে। একইসঙ্গে ডেস্কগুলো কি কি সেবা দেয় তা উল্লেখ করতে হবে। গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর সাথে আবু ধাবি থেকে ফেরার পর আকস্মিকভাবে বিমানবন্দরে সকল যাত্রী কাউন্টার, প্রবাসী কল্যাণ ডেস্ক, ইমিগ্রেশন কাউন্টার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। যাত্রী ও দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সাথেও কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী ইমিগ্রেশনে মেয়েদের জন্য ও ভিজিট ভিসায় গমনকারীদের জন্য আলাদা লাইন করার পরামর্শ দিয়েছেন। তিনি প্রবাসী কল্যাণ ডেস্কটি স্থানান্তরের বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন। এ সময় প্রতিমন্ত্রী প্রবাসী কল্যাণ ডেস্কে বিএমইটি থেকে প্রদত্ত স্মার্টকার্ড কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং প্রতিদিন কতজনকে সেবা প্রদান করা হয় তারও একটি তালিকা করার নির্দেশনা দেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক, অতিরিক্ত সচিব মিজানুর রহমান, অতিরিক্ত সচিব মো. মোকাব্বির হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান প্রমুখ।
