মাদকদ্রব্য উদ্ধারে ঢাকা থেকে কুমিল্লায় আসা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দলের ধাওয়া খেয়ে ব্রিজ থেকে লাফিয়ে পড়ে রাশেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় ৫ জনকে আটকসহ অস্ত্র ও বিয়ার জব্দ করা হয়। বুধবার কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের ওমরাকান্দা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। রাশেদ ওই উপজেলার বড়কান্দা জলারপাড় গ্রামের আবদুর রহিমের ছেলে।
পুলিশ জানায়, ঢাকার লালবাগ জোনের ডিবি পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধারে বুধবার সকালে ঢাকা থেকে একটি প্রাইভেট কারকে ধাওয়া করে। একপর্যায়ে ডিবি পুলিশের দলটি সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের ওমরাকান্দা ব্রিজ এলাকায় অভিযান চালায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ব্রিজ থেকে লাফিয়ে পড়ে একটি পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে রাশেদ (২৫) নামে একজন ঘটনাস্থলে মারা যান। এ সময় ডিবি পুলিশ ৫ জনকে আটক করে। আটককৃতরা হচ্ছে- কুমিল্লার মেঘনা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের স্বপন (৩০), শিবনগর গ্রামের হূদয় (২১) এবং ঢাকার নাজমুল (১৮), বাবুল হোসেন (২৪) ও ইব্রাহিম (২৫)। তাদের বিরুদ্ধে মেঘনা থানায় কোনো মামলা নেই বলে জানা গেছে। বিকালে মেঘনা থানার ওসি আবদুল মজিদ জানান, ডিবি পুলিশ একটি প্রাইভেটকার ও একটি সিএনজিসহ ২০ কেস বিয়ার ও ১টি পিস্তল জব্দ করেছে। রাশেদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলেও ওসি জানিয়েছেন।
