বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার শুরু

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ০০:২২

গতকাল রবিবার থেকে শুরু হয়েছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সাক্ষাত্কার নিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পদাধিকার বলে তিনি দলের পার্লামেন্টারি বোর্ডের চেয়ারম্যান এখন। মনোনয়ন প্রত্যাশীদের তিনি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছেন এবং দিকনির্দেশনা দিচ্ছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সকাল ৯টা থেকে এ সাক্ষাত্কার শুরু হয়। প্রথম দিন রংপুর বিভাগের ৩৩টি আসনের জন্য ১৫৭ জন ও রাজশাহী বিভাগের ৩৯টি আসনের জন্য ৩৬৮ জনের সাক্ষাত্কার নেয় বিএনপির পার্লামেন্টারি বোর্ড। মনোনয়ন বোর্ডে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা। আর স্কাইপির সাহায্যে লন্ডন থেকে যুক্ত হয়েছিলেন তারেক রহমান।

সাক্ষাত্কার দিয়ে বের হওয়া একাধিক মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত তিনটি প্রশ্নই করছেন বোর্ডের সদস্যরা। প্রার্থীকে কেন মনোনয়ন দেবে দল, আন্দোলন সংগ্রামে তার অবদান কী, মনোনয়ন দিলে জয়লাভ করার সম্ভাবনা কতটুকু। পার্লামেন্টারি বোর্ডে আরো উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপির পক্ষ থেকে বলা হয়, বিভাগভিত্তিক সাক্ষাত্কারের সময় মনোনয়ন প্রত্যাশীরা তাদের সমর্থকদের সঙ্গে আনতে পারবেন না। এ নির্দেশনা না মানলে তা প্রার্থীর অসদাচরণ হিসেবে গণ্য হবে। সাক্ষাত্কারের সময়ে সংশ্লিষ্ট মহানগর ও জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত থাকবেন। মনোনয়ন প্রত্যাশীদের আবেদন ফরম জমার রশিদ সাক্ষাত্কারের সময় সঙ্গে আনতে বলা হয়েছে।

সাক্ষাত্কারের সময়সূচি অনুযায়ী, আজ সোমবার সকাল ৯টা থেকে দেড়টা পর্যন্ত বরিশাল বিভাগ, দুপুর আড়াইটায় খুলনা বিভাগ, মঙ্গলবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে আড়াইটা পর্যন্ত চট্টগ্রাম বিভাগ, দুপুর আড়াইটা থেকে কুমিল্লা ও সিলেট বিভাগ, বুধবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে আড়াইটা পর্যন্ত ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগ, দুপুর আড়াইটা থেকে ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে।

মনোনয়ন ফরমে মির্জা ফখরুলের স্বাক্ষর: দলের শীর্ষ দুই নেতার অনুপস্থিতিতে বিএনপির মনোনয়ন ফরমে স্বাক্ষর করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাক্ষাত্কার শেষে বেরিয়ে আসা একাধিক ব্যক্তির মনোনয়ন ফরমে দেখা গেছে, এতে স্বাক্ষর রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অন্যদিকে লন্ডনে অবস্থান করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।