প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, সাংবাদিকতা এখন খুবই গুরুত্বপূর্ণ। আমি তুরস্কের আঙ্কারায় গিয়েছিলাম একটা সেমিনারে যোগ দিতে। সেই সেমিনারে একটা বিষয় ছিল যে, বিচার বিভাগের স্বচ্ছতা ও ট্রান্সপারেন্সির জন্য সাংবাদিকদের কোর্ট রুমে অ্যালাউ (অনুমতি) করতে হবে। সুতরাং এটা এখন আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত যে যারা সাংবাদিক তাদের কোর্ট অঙ্গনে এবং কোর্ট রুমে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। বিচার বিভাগের স্বচ্ছতা ও ট্রান্সপারেন্সির জন্য এটা খুবই দরকার। গতকাল বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আইন ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সুসজ্জিত কার্যালয় উদ্বোধন শেষে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আজকে আপনাদের বসার জন্য স্থান সংকুলান হয়েছে। এটা দেখে আমি খুবই আনন্দিত। আমি বলেছিলাম যে আপনাদের এই কক্ষটিকে সুসজ্জিত করে দিব। সেটার চেষ্টা করেছি। কতটুকু হয়েছে সেটা আপনারা বলতে পারবেন। তবে কক্ষটি সুসজ্জিত হওয়ায় আশা করি কাজ-কর্ম সম্পাদনে সুযোগ-সুবিধা এখান থেকে পাবেন। পরে প্রধান বিচারপতি এলআরএফ এর বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজউদ্দীন ফকির, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী, স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান, এলআরএফ সভাপতি সাঈদ আহমেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
