রাজধানীর বনানী থানায় করা দুর্নীতি মামলায় কৃষি ব্যাংকের তিন ডিজিএমসহ সাতজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ আসামিদের জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন। এর আগে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
আসামিরা হলেন, ডিজিএম জুবায়ের মঞ্জুর, এ.কে.এম মোশাররফ হোসেন ও এ.বি.এম আতাউর রহমান। এ.জি.এম মনোয়ারা বেগম এবং প্রিন্সিপাল অফিসার প্রকৌশলী শহিদুল ইসলাম ও সানাউল্লাহ। এছাড়া অপর আসামি হলেন ফিয়াজ গ্রুপের স্বত্বাধিকারী ওয়াহিদুর রহমান।
মামলা সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে অন্যায়ভাবে নিজেরা লাভবান হওয়ার উদ্দেশ্যে বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে খিলগাঁও, হাজারীবাগ, বাইলজুরী, বড় আশুলিয়া ও বাসাইদ মৌজার বিভিন্ন দাগ নম্বরের ভুয়া কাগজপত্র তৈরি করে কৃষি ব্যাংকে ২০০৯ সালে ১৪ ডিসেম্বর ঋণের জন্য আবেদন করেন। পরে তিনটি প্রতিষ্ঠানের নামে ১৪৮ কোটি টাকা ঋণ উত্তোলন করে আসামিরা আত্মসাত্ করে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন বাদী হয়ে গত বছরের আগস্ট মাসে রাজধানীর বনানী থানায় মামলা করেন।
