মাগুরায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও মোহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মাগুরা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রোকনুজ্জামান খান।
আমলী আদালতের বিজ্ঞ বিচারক মাহবুবা শারমীনের আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ৪ জানুয়ারি ২০২২ আদেশের জন্য দিন ধার্য করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ১ নং আসামি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মন্ত্রী ডা; মুরাদ হাসান ও ২ নং আসামী মোহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ একজন ডিজিটাল মিডিয়া উপস্থাপক গত ১ ডিসেম্বর ২০২১ তারিখে ১ নং আসামী মুরাদ হাসানের সাক্ষাৎকার গ্রহণ করেন যা পরবর্তীতে ১নং আসামী ডা. মুরাদ হাসানের ফেসবুক পেইজে প্রচার ও প্রকাশ করেন। উদ্দেশ্যমূলক ভাবে জিয়া পরিবার এবং ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী এবং যে কোন নারীর জন্য মর্যাদাহানীকর ভাষা ব্যবহার করেছেন। ফলে জিয়া পরিবার এবং ব্যারিস্টার জাইমা রহমানের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। উক্ত ভিডিও বক্তব্য সিডি আকারে সংযুক্ত করে আদালতে দাখিল করা হয়েছে।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ৪ জানুয়ারি ২০২২ আদেশের জন্য দিন ধার্য করেছেন বলে জানান বাদীপক্ষ আইনজীবী রোকরুজ্জামান খান ।
