মহামারি করোনা প্রতিষেধক টিকার কার্যক্রম দেখতে মুন্সীগঞ্জের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) তিনি ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজার টিকা গ্রহণের কেন্দ্র ঘুরে দেখেন।
আর্ল আর মিলার শহরের পিপিআই রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের টিকা কেন্দ্রে টিকা গ্রহণকারী শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও অভিভাবকদের সাথে টিকা কার্যক্রম নিয়ে কথা বলেন।
এ সময় মার্কিন রাষ্ট্রদূত বলেন, কোভিড ১৯ এর মহামারি আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। আমরা বেঁচে থাকার জন্য একে অপরের উপর নির্ভরশীল। আমাদের ঐক্যবদ্ধভাবে বেঁচে থাকতে হবে। করোনা থেকে সুরক্ষার জন্য টিকা গ্রহণ ছাড়াও মাস্ক পরিধান ও নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।
পরে তিনি পরে টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়ন পরিবার কল্যাণ উপকেন্দ্রে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সাথে সংশ্লিষ্ট ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের মা ও শিশু স্বাস্থ্য, কোভিড মোকাবিলায় সফলতার প্রশংসা করেন।
এ সময় তার সাথে ছিলেন, মার্কিন দূতাবাসের চিকিৎসক-কর্মকর্তারা। পাশাপাশি মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম, পিপিআই রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মোহাম্মদ শরীফ উজ্জামান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের মিয়া, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল।

