কামারখন্দে ৬ ডাকাত গ্রেফতার, অটোরিকশা উদ্ধার

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৯:২২

সিরাজগঞ্জের কামারখন্দে ছিনতাই হওয়া সিএনজি চালিত অটোরিকশা সহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৯ ডিসেম্বর থেকে গত সোমবার পর্যন্ত বিভিন্ন সময় উল্লাপাড়া ও কামারখন্দ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২১ ডিসেম্বর) ইত্তেফাককে এ বিষয়টি নিশ্চিত করেছেন কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা এলাকার নুর ইসলামের ছেলে আল মাহমুদ (২৫), আব্দুস সাত্তারের ছেলে হান্নান (৩০), চন্দ্রগাঁতী এলাকার মৃত ভিখু প্রামাণিকের ছেলে গোলাম মাওলা (৩৮), আল মাহমুদ মীরের ছেলে আনোয়ার হোসেন (৩৬), কামারখন্দ উপজেলার বাগবাড়ী এলাকার সাত্তার আলীর ছেলে আইয়ুব আলী (৩২) এবং মহর আলীর ছেলে বরকত (৩৯)।  

ওসি মো. হাবিবুল্লাহ ইত্তেফাককে জানান, গত ৭ ডিসেম্বর রাতে কামারখন্দ উপজেলার পাইকোশা এলাকায় চালকসহ তিনজনকে দেশীয় অস্ত্র দেখিয়ে জিম্মি করে ও বেঁধে রেখে সিএনজি চালিত অটোরিকশা, দুইটি মোবাইল  ফোন এবং নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দল। এ ব্যাপারে ভুক্তভোগী ওই অটোরিকশা চালক ৯ ডিসেম্বর থানায় মামলা দায়ের করেন। পরে ডাকাত দলের এক সদস্য ওই চালকের বাবার মুঠোফোনে ৮০ হাজার টাকা দাবি করে। 

ওসি আরও জানান, ফোন করে টাকা দাবি করা নাম্বার তথ্যপ্রযুক্তির মাধ্যমে একে একে ছয়জন ডাকাতকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়। এদের মধ্যে আল মাহমুদ, মাওলা ও আনোয়ার ডাকাতির ব্যাপারে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তীমুলক জবানবন্দী দেন। অন্য তিন আসামী হান্নান, আইয়ুব ও বরকতের ব্যাপারে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

ইত্তেফাক/ ইআ