কয়েকদিন আগেই বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন আবিদ আলি। এরপর দেশে ফিরে প্রথম শ্রেণির ক্রিকেটেও সেই ফর্ম ধরে রেখেছেন। কিন্তু এরই মধ্যে ভক্তদের জন্য দুঃসংবাদ শোনালো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একিউট করোনারি সিনড্রোমে আক্রান্ত হয়েছেন পাকিস্তানি ওপেনার।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) কায়েদ-ই-আজম ট্রফিতে খেলার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন আবিদ আলি। অর্ধশতক হাঁকিয়ে ব্যাটিং করছিলেন। ঠিক ওই মুহূর্তে বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছে পিসিবি।
অসুস্থ হওয়ার আগে ৬১ রানে অপরাজিত ছিলেন এই ওপেনার। হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তিনি একিউট করোনারি সিনড্রোমে ভুগছেন। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, আবিদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
