রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব শুরু

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০০:১৯

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।

মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়া ও প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন নাট্যজন অধ্যাপক মলয় ভৌমিক ও ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফ এম এ জাহিদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ড. সাজ্জাদ বকুল।

চলচ্চিত্র উৎসব

চলচ্চিত্র উৎসবে  প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মুক্তিযুদ্ধভিত্তিক ও জাতির পিতার উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হবে। মঙ্গলবার প্রদর্শিত হয়েছে প্রামাণ্যচিত্র চিরঞ্জীব বঙ্গবন্ধু, তোমারই হোক জয় ও নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র গেরিলা। ২২ ডিসেম্বর প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আলমগীর কবির পরিচালিত ধীরে বহে মেঘনা, জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত মেঘমাল্লার, মোঃ রিয়াজুল মওলা রিজু পরিচালিত বাপজানের বায়োস্কোপ। ২৩ ডিসেম্বর প্রদর্শিত হবে মাসুদ পথিক পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মায়া: দ্য লস্ট মাদার, ফুয়াদ চৌধুরী পরিচালিত একাত্তরের গণহত্যা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র মার্সিলেস মাইহেম, চিরঞ্জীব বঙ্গবন্ধু ও এ ম্যান অফ পিস।

 

ইত্তেফাক/ইউবি