যে কারণে আওয়ামী লীগের ২৮ নেতা বহিষ্কার

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৫:২০

আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নৌকার বিরুদ্ধে প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ থেকে ২৮ জনকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে বহিষ্কৃতদের নামের তালিকা ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।

গঠনতন্ত্রের ৪৭ ধারা অনুযায়ী দলীয় ও সাংগঠনিক পদসহ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে চিরতরের জন্য বহিষ্কার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। তবে তিন দিনের মধ্যে বহিষ্কৃতরা চেয়ারম্যান প্রার্থিতা তুলে নিয়ে দলের কাছে আবেদন করলে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানান সভাপতি।

বহিষ্কৃতরা হলেন—হৈবতপুর ইউনিয়নে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলা শাখার সহসভাপতি আহম্মদ আলী, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হরেন কুমার বিশ্বাস। ইছালী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ম-সম্পাদক আইয়ুব হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আনিছুর রহমান ডেভিট, সাবেক ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ। নওয়াপাড়া ইউনিয়নে জেলা আওয়ামী লীগের সদস্য কাজী আলম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হুমায়ন কবীর তুহিন। উপশহর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন।

কাশিমপুর ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এম সাইফুল। চুড়ামনকাঠির বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান মুন্না, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবীর মিলন। দেয়াড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সাবেক সভাপতি আনিছুর রহমান।

আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফারুক আহম্মেদ বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম। চাঁচড়া ইউনিয়নে সাবেক ছাত্রলীগ নেতা শামীম রেজা, জেলা তাঁতী লীগ নেতা ফারুক হোসেন।

রামনগরে জেলা তরুণ লীগের যুগ্ম-আহ্বায়ক মাহমুদ হাসান লাইফ। ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন, মহিলা আওয়ামী লীগের ফাতেমা আনোয়ার, শিল্পী বেগম। কচুয়া ইউনিয়নে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলা শাখার সহসভাপতি শেখ মাহমুদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, কাজী হাফিজুর রহমান রত্ন। নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড যশোর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস। এছাড়া তালিকায় নাম রয়েছে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সানা আব্দুল মান্নানের।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল হোসেন খান, সহসভাপতি হায়দার গনি খান পলাশ, মেহেদি হাসান মিন্টু, প্রচার সম্পাদক মুন্সী মহিউদ্দীন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ আতিক বাবু, যুবলীগের সহসভাপতি সৈয়দ মুনির হোসেন টগর উপস্থিত ছিলেন।

 

ইত্তেফাক/ইউবি