বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির কাছ থেকে সংলাপের বিষয়ে বিএনপি এখনো কোনো চিঠি পায়নি। চিঠি পেলে দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার রাতে রাজধানীর বনানী কবরস্থানের কাছে দাতব্য সংস্থা ‘অর্পণ’-এর পক্ষ থেকে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, আমাদের সিদ্ধান্ত ছিল নির্বাচন নিয়ে আমরা কোনো ধরনের আলোচনা করবো না। সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের কাছে এখনও কোনো চিঠি আসেনি। সেজন্য আমরা এখনও সিদ্ধান্ত নেইনি।
এ সময় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী স্বেচ্ছাসেবক দলের সদস্য ও অর্পণের সভাপতি বিথিকা বিনতে হোসাইন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

‘খালেদা জিয়ার বিষয়ে দ্রুতই আইন মন্ত্রণালয়ের মতামত’