সাভারে অপহরণের সাত দিন পর চার অপহৃত উদ্ধার

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ২০:৫৮

সাভারে অপহরণের সাত দিন পর চার ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব-৪। এ ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর জেলার মতলব থানাধীন দুর্গম চর এলাকা থেকে অপহৃত ভিকটিমদের উদ্ধার এবং অপহরণকারীদেরকে গ্রেপ্তার করা হয়। 

উদ্ধার হওয়া অপহৃতরা হলো- চাঁদপুর জেলা সদরের মনসুর দেওয়ানের ছেলে চটপটি ব্যবসায়ি মো. জাকির হোসেন। অপর তিনজন হলেন তার বড় ভাই মো. আলমগীর দেওয়ান (৫৪), ভগ্নীপতি মো. কাশেম বাঘ (৫০) ও মো. শফি উদ্দিন (৫৩)। এছাড়া এ ঘটনায় গ্রেপ্তারকৃত অপহরণকারীরা হলো চাঁদপুর জেলার মো. ওবায়দুল্লাহ দেওয়ান (৪৮) ও মো. রহমত উল্লাহ দেওয়ান (৩৯)।

র‌্যাব-৪ জানায়, গত ১৫ ডিসেম্বর সাভারের কাতলাপুর এলাকার চটপটি ব্যবসায়ী জাকির হোসেন (৩৬) কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে নিখোঁজ জাকির হোসেনের বাড়ীওয়ালা শোভা আক্তারের মোবাইলে অজ্ঞাতনামা এক ব্যক্তি কল করে জানায়, জাকির হোসেন তাদের হেফাজতে আছে এবং তাকে জীবিত পেতে হলে মুক্তিপণ হিসেবে চার লাখ টাকা দিতে হবে। ঘটনাটি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানালে জাকিরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অপহরণকারীরা। 

এ ঘটনায় অপহৃত জাকিরকে উদ্ধারের জন্য তার বড়ভাই আলমগীর দেওয়ান (৫৪), দুই ভগ্নিপতি মোঃ কাশেম বাঘ (৫০) ও মোঃ শফি উদ্দিন (৫৩) পঁচিশ হাজার টাকা নিয়ে অপহরণকারীদের ঠিকানায় গেলে তাদেরকেও আটকে রাখা হয়। পরে জাকির হোসেনের স্ত্রী র‌্যাব-৪ এর অধিনায়ক বরাবর একটি অভিযোগ দিলে র‌্যাব-৪ এর গোয়েন্দা দল বিষয়টি তদন্ত শুরু করে। 

একপর্যায়ে মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-৪ এর একটি দল চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন বাহেরচর নামক প্রত্যন্ত চর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত চারজনকে উদ্ধারসহ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সাথে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে। 

র‌্যাব ৪ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, কিছুদিন আগে গ্রেপ্তারকৃত দুই অপহরনকারীর দুটি ব্যাটারীচালিত অটোরিকশা চুরি হয়। তাদের সন্দেহ ওই অটোরিকশা জাকির চুরি করেছে। তাই অটোরিকশা দুটির জন্য তারা জাকিরকে অপহরণ করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এছাড়া চটপটি ব্যবসায়ী জাকির হোসেনকে শিকল দিয়ে খাটের সাথে বেঁধে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে তারা। এঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।  

 

ইত্তেফাক/এসআই