বরিশালে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত  

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০০:২৯

বরিশালের এক পরিবহন ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছে। তাকে মুমূষু‌র্ অবস্হায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে বরিশাল পুলিশ লাইনসের সামনে এই ঘটনা ঘটে। অভিযুক্ত জলিল হাওলাদারকে আটক করেছে পুলিশ। 

আহতের নাম শামীম মুন্সী। তিনি নগরীর আলেকান্দার কাজীপাড়া এলাকার বাসিন্দা। 

তার স্বজনরা জানান, সকালে মোটরসাইকেলযোগে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় নগরীর পুলিশ লাইনসের সামনে পৌঁছালে অজ্ঞাত এক ব্যক্তি তার গতিরোধ করে। পরে আকস্মিকভাবে শামীমের পেটে ছুরিকাঘাত করে ঐ ব্যক্তি। তাত্ক্ষণিকভাবে পাশের পুলিশ লাইনসের সদস্যরা হামলাকারীকে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করে। 

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার এস এ আল জায়েদ বলেন, পেটে ছুরিকাঘাতে আহত ব্যক্তিকে সার্জারি বিভা?গে চিকিত্সা দেওয়া হচ্ছে। 

বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, আটক জলিল হাওলাদার নগরীর মিয়া বাড়ির পোল এলাকার বাসিন্দা। তার কথাবার্তা শুনে মনে হচ্ছে তার মানসিক কোনো সমস্যা রয়েছে। তিনি নিজেকে মেজর জলিল হিসেবেও পরিচয় দিচ্ছেন। আল্লাহর নির্দেশে সে এমনটা করেছে বলে আমাদেরকে জানিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইত্তেফাক/ ইআ