সদ্য বরখাস্ত জামালপুরের দেওয়ানগঞ্জের পৌর মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহের দেশত্যাগের কোনো পরিকল্পনা ছিল না বলে জানিয়েছে র্যাব। গ্রেফতার এড়াতেই তিনি কয়েকদিন ধরে আত্মগোপনে ছিলেন। আর এজন্য রাজধানীকে বেছে নেন।
আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে তাকে গ্রেফতারের পর এ বিষয়ে দুপুরে স্পট ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
খন্দকার আল মঈন বলেন, ঘটনার পর তার বিরুদ্ধে মামলা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে চলে যান। এছাড়া তিনি একটি দলের সঙ্গে ছিলেন, সেই দলের সিনিয়র নেতাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। কিন্তু কারও কাছে কোনো সহযোগিতা পাননি। কারণ, তার আচরণ ছিল গর্হিত ও লজ্জাজনক। তাই তাকে দল থেকে বহিষ্কার করা হয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে বহিষ্কার করে। নিজেকে সেফ রাখতে নিজে আত্মগোপনে ছিলেন।
শিক্ষা কর্মকর্তাকে কেন লাঞ্ছিত করেছে জানতে চাইলে র্যাবের এই কর্মকর্তা বলেন, তার মধ্যে দাম্ভিকতা ছিল, তার বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের নমুনা আমরা দেখেছি। এছাড়া ইতিপূর্বে তার মধ্যে পাঁচটি মামলা রয়েছে। তারমধ্যে মারামারি, পুলিশ অ্যাসল্টসহ বিভিন্ন মামলা রয়েছে। ঘটনার দিন ফুল দেওয়ার মতো তুচ্ছ কারণে তিনি উত্তেজিত হন এবং শিক্ষা অফিসারকে লাঞ্ছিত করেন। আজকে আমরা তাকে জিজ্ঞাসাবাদে করেছি, যতটুকু বুঝতে পেরেছি দাম্ভিকতা ছাড়াও মাদকের প্রভাব ছিল।

