প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ফিলিং স্টেশনে ডাকাতি করে কোটি টাকা লুট, অস্ত্রসহ গ্রেপ্তার ৫

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১২:১১

রাজধানীর এয়ারপোর্ট এলাকায় প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ফিলিং স্টেশনে ডাকাতি করে ১ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকা লুটের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাত ভাই তাসীন আক্তার হক ফিলিং স্টেশনটির স্বত্বাধিকারী। তার মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন। 

শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডস্থ ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

জানা যায়, গত রোববার এয়ারপোর্ট এলাকার ফিলিং স্টেশনে ১ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকা ডাকাতির ঘটনায় করা মামলার তদন্তে নেমে ডিবি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। অভিযানে ডাকাতির টাকার বড় একটি অংশ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, আলোচিত এই ডাকাতি মামলার অগ্রগতি ও গ্রেপ্তারের বিষয়টি জানাতেই জরুরি এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

ইত্তেফাক/এসএইচ