ইনিংসে ১০ উইকেট নিয়েও যে কারণে বাদ এজাজ প্যাটেল

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ২০:২৫

কয়েক সপ্তাহ আগেই ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলে গেছে নিউজিল্যান্ড। এতে স্বাগতিকদের কাছে ১-০ ব্যবধানে হারলেও বেশ উজ্জ্বল ছিলেন কিউই স্পিনার এজাজ প্যাটেল। দ্বিতীয় টেস্টে এক ইনিংসে ১০ উইকেট শিকার করে গড়েছিলেন ইতিহাস। আর দুই টেস্ট মিলিয়ে নেন ১৭ উইকেট। অথচ তিনিই কি না ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়েছেন।

দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের বিপক্ষে ঘোষিত নিউজিল্যান্ডের ১৩ সদস্যের স্কোয়াডে জায়গা পাননি এজাজ প্যাটেল। উইকেট ও কন্ডিশন বিবেচনায় বাঁহাতি এই স্পিনারকে দলে রাখেননি নিউজিল্যান্ডের নির্বাচকরা। একমাত্র স্পিনার হিসেবে দলে রাখা হয়েছে অলরাউন্ডার রচীন রবীন্দ্রকে।

কারণ হিসেবে কিউই কোচ গ্যারি স্টেড জানিয়েছিলেন, তারা সবসময় যেখানে যাকে প্রয়োজন এমন নির্বাচন নীতি প্রয়োগ করেন। এ কারণেই ভারতের বিপক্ষে দুই টেস্টে ১৭ উইকেট নিয়েও বাদ পড়েছেন এজাজ প্যাটেল। অবশ্য নিউজিল্যান্ডের মাটিতে তার অতীতও ভালো নয়। এখন পর্যন্ত তিন টেস্ট খেলেছেন। ৪৯ ওভার বোলিং করেও কোনো উইকেট শিকার করতে পারেননি। আন্তর্জাতিক ক্যারিয়ারে নিয়েছেন ৪৩ উইকেট এবং সবগুলোই দেশের বাইরে।

এদিকে, পরিস্থিতি উন্নয়নে ঘরের মাঠে বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে স্পিন সহায়ক উইকেট বানানোর দাবি জানিয়েছেন এজাজ প্যাটেল। তার মতে, ঘরোয়া ক্রিকেটে স্পিন সহায়ক উইকেট বানিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা যেতে পারে।

ইত্তেফাক/টিএ