বিজয়ের সুবর্ণজয়ন্তী ও পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের দুই যুগ পূর্তি উপলক্ষে বিজয় কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাঙ্গামাটি রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এবং রাঙ্গামাটি সদর জোনের আয়োজনে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে বিজয় কনসার্টের আয়োজন করা হয়।
রিজিয়ন কমান্ডার, রাঙ্গামাটি রিজিয়ন অভ্যাগত অতিথিদের সংবর্ধনা জানান এবং বিজয়ের শুভেচ্ছা জ্ঞাপন করেন। অনুষ্ঠানটিতে আঞ্চলিক এবং দেশের স্বনামধন্য শিল্পীরা তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন। এ সময় রাঙ্গামাটি জেলার পাহাড়ি ও বাঙ্গালীদের সমন্বয়ে ২৫-৩০ হাজার মানুষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জন্য উক্ত অনুষ্ঠানটি এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে বলে সুধীজন এবং গণ্যমান্য ব্যক্তিগণ অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জনাব শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, জনাব দীপংকর তালুকদার, মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন, বিএসপি, এসজিপি, এনডিসি, পিএসসি, জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান জনাব অংসুই প্রু চৌধুরী এবং রাঙ্গামাটি জেলার উচ্চপদস্থ অসামরিক কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
