পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না আঁখির

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ০৯:৫৯

এইচএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না মেধাবী ছাত্রী আঁখির। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) টাঙ্গাইলের মির্জাপুর সরকারি কলেজ কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশা উলটে বংশাই নদীতে ডুবে আঁখি আক্তার (১৭) মারা গেছে। 

আহত হয়েছে আঁখির মা ও অটোরিকশা চালক। গুরুতর অবস্থায় চালক ফরহাদকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর ১২টার দিকে মির্জাপুর-পাথরঘাটা আঞ্চলিক রোডের বংশাই নদীর বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন ব্রিজ-সংলগ্ন উত্তর পাশে ত্রিমোহন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন এবং বাঁশতৈল মো. খলিলুর রহমান কলেজের অধ্যক্ষ মো. ফায়জুল ইসলাম তারা জানান, আঁখির মা ফরিদা ইয়াসমিন উত্তর পেকুয়া জাগরণী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। আঁখি বাঁশতৈল মো. খলিলুর রহমান কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মির্জাপুর সরকারি কলেজে তার পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বংশাই নদীর বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন ব্রিজের উত্তর পাশে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি উলটে নদীতে ডুবে যায়। স্থানীয় লোকজন আঁখির মা এবং চালক ফরহাদ হোসেনকে উদ্ধার করলেও আঁখি নদীতে ডুবে যায়। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীরা এবং টাঙ্গাইলের ডুবুরি দল দুই ঘণ্টা চেষ্টার পর নদী থেকে আঁখির লাশ উদ্ধার করে। এ সময় হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। আঁখির স্বজন এবং সহপাঠীদের কান্নায় চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে।

ইত্তেফাক/এমআর