আমার বক্তব্য অশ্বিনকে আঘাত দিয়ে থাকলে আমি খুশি: রবি শাস্ত্রী

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৩:০০

ইস্যুটি মূলত ২০১৮-১৯ মৌসুমে ভারত দলের অস্ট্রেলিয়া সফরের একটি ঘটনাকে কেন্দ্র করে। সে সময় ইনজুরি সমস্যাজনিত কারণে সিডনি টেস্টে খেলেননি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তার জায়গায় একাদশে সুযোগ পান কূলদীপ যাদব। তিনি ওই টেস্টে ৫ উইকেট শিকার করে ভারতের জয়ে অন্যতম ভূমিকা পালন করেন।

অশ্বিনের দাবি, ওই টেস্টের পর থেকেই কূলদীপকেই দলের মূল বোলার (স্পিনার) হিসেবে বেছে নেন শাস্ত্রী। যা তার মনে কষ্ট দিয়েছে। এমনকি তখন শাস্ত্রী বলেছিলেন, বিদেশের মাটিতে ভারতের সেরা স্পিনার কূলদীপ যাদব। মূলত এ কথাটিই মেনে নিতে পারেননি রবিচন্দ্রন অশ্বিন।

সম্প্রতি ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের সর্বকালের অন্যতম সেরা এই স্পিনার বলেন, আমি রবি ভাইকে খুব সম্মান করি। আমরা সবাই করি। তবু, সেই মুহুর্তে, যদিও আমি কষ্ট অনুভব করেছি, একেবারে বিধ্বস্ত ছিলাম।

রবি শাস্ত্রী ও রবিচন্দ্রন অশ্বিন

অশ্বিনের এমন প্রতিক্রিয়ায় এবার মুখ খুললেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, ‘অশ্বিন সিডনি টেস্ট খেলেননি, তার জায়গায় কুলদীপ খেলেন এবং ৫ উইকেট শিকার করার পাশাপাশি দুর্দান্ত বোলিং করেন। তাই আমার কাছে মনে হয়েছে কূলদীপের আরও সুযোগ পাওয়া উচিত। তাছাড়া সে ওই ম্যাচে দুর্দান্ত বোলিং করছিল।’

রবি শাস্ত্রী বলেন, ‘তাই আমি বলেছিলাম যে, সে (কূলদীপ) এখানে যেভাবে বোলিং করেছে তাতে বিদেশের মাটিতে ভারতের এক নম্বর বোলার হওয়ার সম্ভাবনা রয়েছে তার। এখন এটা যদি অন্য কোনো খেলোয়াড়কে আঘাত করে, তাহলে আমি বলবো ভালো। আমি আনন্দিত যে, আমি এই বিবৃতি দিয়েছি এবং অশ্বিনও বিবৃতি দিয়েছে। কারণ, এটি যদি তাকে আঘাত করে এবং সে মন খারাপ করে, তবে আমি খুশি যে সে তার কাজটি করেছে।’

ইত্তেফাক/টিএ