২০০৭ সালে বিশ্বকাপের পরপরই বাংলাদেশের হেড কোচ হয়ে এসেছিলেন জেমি সিডন্স। আইসিএলসহ অনেক অধ্যায়ের সাক্ষী তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের দল হয়ে ওঠা, সাকিব-তামিম-মুশফিকদের ধারাবাহিক পারফরমার হওয়ার শুরুটাও তার অধীনে।
তখন ডেভ হোয়াটমোরের হাত থেকে ছন্দে থাকা একটা দলকেই হাতে পেয়েছিলেন সিডন্স। ১০ বছর পর আবারও বাংলাদেশের ক্রিকেটে ফিরছেন এই অস্ট্রেলিয়ান। তবে হেড কোচ হয়ে নয়। ৫৭ বছর বয়সি সিডন্সকে এবার ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। শুক্রবার মিরপুর স্টেডিয়ামে পরিচালনা পর্ষদের দ্বিতীয় বোর্ডসভায় এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বোর্ড সভার পর সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে ঢাকায় আসবেন সিডন্স। তার কাজের পরিধি ঠিক করবে বিসিবি। বোর্ড সভাপতির দেওয়া তথ্য মতে, জাতীয় দলের বাইরে প্রতিভাবান ব্যাটসম্যানদের নিয়ে কাজ করবেন তিনি। ব্যাটিং ক্যাম্প করা, এইচপিতে ব্যাটিং নিয়ে কাজ করাই হবে তার মূল কাজ। গড়ে তুলবেন আগামীর ব্যাটসম্যান।
সংবাদ সম্মেলনে সিডন্সকে নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে জানিয়ে পাপন বলেছেন, ‘তাকে আমরা ব্যাটিং কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিচ্ছি। কোথায় করবে, কি করবে সেটা এখনো ফাইনাল করা হয় নাই, আশা করছি ফেব্রুয়ারিতেই হয়তো বা সবকিছু ঠিক থাকলে সে আমাদের এখানে ব্যাটিং কনসালট্যান্ট হিসেবে জয়েন করবে।’
