শীতকাল এলেই বড়দিনের আনন্দধ্বনি বেজে ওঠে প্রতিটি শহরে। খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনে আনন্দ ও ভালোবাসার আয়োজনটা থাকে অনেক বড়। সাজগোজ, ফ্যাশন, খাওয়াদাওয়া— সব কিছুতেই থাকে নতুনের চমক। বড়দিনের সন্ধ্যায় আকর্ষণীয় রূপে প্রিয়জনকে চমকে দিতে চান অনেক নারী। কীভাবে নিজেকে আর সবার থেকে আলাদা রূপে উপস্থাপন করবেন জেনে নিন।
ঠোঁট রাঙাতে
বড়দিনের সন্ধ্যায় ঠোঁট রাঙাতে বেছে নিতে পারেন হালকা গোলাপি ন্যুড রং। তবে এই ধরনের লিপস্টিকের সঙ্গে কিন্তু মেবআপও মানানসই হতে হবে। খুব বেশি চড়া নয়, অথচ ঝলমলে হতে হবে মেকআপটা।
চোখের সাজ
সাজের পর আপনাকে কেমন দেখাচ্ছে, তা অনেকটা নির্ভর করে চোখের মেকআপের ওপর। তাই চোখকে সাজিয়ে তুলতে হবে সযত্নে। চোখকে বড় দেখাতে নীচে নয়, চোখের ওপরের দিকে লাগান আইশ্যাডো। লিপস্টিক হালকা লাগালেও আইশ্যাডোর ক্ষেত্রে বেছে নিতে পারেন গাঢ় কোনো রং।
ত্বকের মেকআপ হোক চকচকে
মেকআপে ডাস্ট হাইলাইটারের পরিবর্তে ক্রিম জাতীয় হাইলাইটার ব্যবহার করতে পারেন। নাকের নীচে, চোখের পাশে, কপালের মতো জায়গাগুলোতে হাইলাইটার ব্যবহার করলে আলো পড়লে ত্বক চকচক করে ওঠে। তবে ফাউন্ডেশন লাগানোর আগে ত্বকে ট্রান্সলুসেট পাউডার লাগিয়ে নিতে পারেন।
শুধু ত্বক নয়, চোখও হোক চকচকে
চোখের ওপর আইশ্যাডো লাগানোর পর যদি মন একটু খুঁতখুঁত করে, মনে হয় যে শুধু ত্বক কেন, চোখের ওপরের অংশও চকচকে করে তুলতে চান। তাহলে আইশ্যাডোর লাগানোর পর বাম বা ভ্যাসলিন লাগিয়ে নিতে পারেন।
চকমকে ভ্রু
প্রথমে একটি পেন্সিল দিয়ে ভ্রু এঁকে নিন। তার পর একটি ব্রাশ দিয়ে সেটা সমান ভাবে ছড়িয়ে দিন। উজ্জ্বল চেহারা পেতে ভ্রুতে কোনো জেল লাগিয়ে নজর কাড়তে পারেন।
