মঞ্চায়িত হলো ‘পিয়ার আলির ভাঙা মুখ’

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০৭:৪৮

গত ২১ ডিসেম্বর ইংল্যান্ডের বার্মিংহামের মিডল্যান্ডস আর্টস সেন্টারে মঞ্চস্হ হলো বাংলা নাটক ‘পিয়ার আলির ভাঙা মুখ’। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে সন্ধানী আর্টস ও বাংলা কানেকশন বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের শেক্সপিয়ার ইনস্টিটিউট যৌথভাবে নাটকটি প্রযোজনা করে।

নাটকটি রচনা, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যকার, নির্দেশক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক শাহমান মৈশান। 

এতে একক অভিনয় করেছেন যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির নাট্যাভিনেতা তারেক চৌধুরী এবং নাটকটির শব্দ ও ডিজিটাল প্রজেকশন করেছেন চলচ্চিত্রকার মকবুল চৌধুরী। 

এ প্রসঙ্গে নাট্যকার ও নির্দেশক শাহমান মৈশান বলেন, ‘ভগ্নাংশে পরিণত পরিচয়হীন মানুষের স্বরূপের খোঁজে এক অনন্ত ছুটে চলার উন্মোচন ঘটে এই নাটকে।’

প্রদর্শনীতে বাঙালি ও বিভিন্ন দেশের দর্শকের মধ্যে উপস্হিত ছিলেন বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের শেক্সপিয়ার ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মাইকেল ডবসন। নাটকটিকে মানুষের ক্ষতি ও হারানোর বেদনার এক বৈশ্বিক ভাষা হিসেবে উল্লেখ করেন তিনি।

ইত্তেফাক/বিএএফ