সৌদিতে হুথিদের হামলায় নিহত ২, বাংলাদেশি আহত

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৩:২৯

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এই ঘটনা নিহত হয়েছেন দুইজন। আহত হয়েছেন অন্তত সাতজন। আহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক আছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দু।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৪ ডিসেম্বর) সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান শহরে হুথিদের ওই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাটি ঘটে। এতে দুইজন নিহতের পাশাপাশি আহত হয় ৭ জন। আহতদের ৬ জনই সৌদি নাগরিক। একজন বাংলাদেশি। এছাড়া হামলায় মোট ১২টি গাড়ি এবং ২টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে।

হামলার পরপরই ইয়েমেনে হুথি যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এছাড়া হুথিদের এই হামলার জবাবে ভবিষ্যতে তাদের লক্ষ্যবস্তুতে আক্রমণ আরও বাড়ানোর ঘোষণাও দিয়েছে জোটটি।

২০১৫ সালের শুরুর দিকে হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে।

ইত্তেফাক/টিআর