মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদী তীর সংরক্ষণ ও ড্রেজিং শীর্ষক প্রকল্প এর আওতায় নদী তীর প্রতিরক্ষা ৬.৩০০ কিলোমিটার ও নদী ড্রেজিং ১৪.৭৫০ কিলোমিটার কাজ শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ৬ বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী। মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এর সভাপতিত্বে ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মাদারীপুরের আয়োজনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, পরিকল্পনা অনুবিভাগ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম রেজাউল মোস্তফা কামাল, মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার), মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম প্রমুখ।
