সৌম্যর সেঞ্চুরি, আশরাফুলের হাফ সেঞ্চুরি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ২৩:৫৭

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডেই সেঞ্চুরি করেছিলেন সৌম্য সরকার। দ্বিতীয় রাউন্ডেও ছিল হাফ সেঞ্চুরি। যদিও তার দল ওয়ালটন মধ্যাঞ্চল ম্যাচটা হেরেছিল। সেঞ্চুরি দিয়ে তৃতীয় রাউন্ডও শুরু করেছেন সৌম্য। গতকাল চট্টগ্রামে দক্ষিণাঞ্চলের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করেছেন মধ্যাঞ্চলের এই ব্যাটসম্যান। রাজশাহীতে উত্তরাঞ্চলের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি পেয়েছেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের মোহাম্মদ আশরাফুল।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণাঞ্চলের বিপক্ষে গতকাল প্রথম দিন শেষে প্রথম ইনিংসে মধ্যাঞ্চলের সংগ্রহ ৪ উইকেটে ২৯৩ রান। সৌম্যর সেঞ্চুরির পাশাপাশি সালমান হোসেন ও অধিনায়ক শুভাগত হোম হাফ সেঞ্চুরি করেছেন। সৌম্য ১২৮ ও শুভাগত ৬২ রানে অপরাজিত রয়েছেন। দলীয় ২৩ রানেই ওপেনার মিজানুর (৭), মিঠুনকে (১২) হারায় মধ্যাঞ্চল। তৃতীয় উইকেটে সৌম্য-সালমান ১৪৪ রানের জুটি গড়েন। সালমান ফিরলেও সৌম্য তুলে নেন সেঞ্চুরি। এতদিন একাদশে ব্রাত্য হয়ে থাকা দক্ষিণাঞ্চলের লেগ স্পিনার রিশাদ ফেরত পাঠান সালমান ও তাইবুরকে।

পঞ্চম উইকেটে সৌম্য-শুভাগত ১১৬ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন। রাজশাহীতে উত্তরাঞ্চলের বোলিং তোপে ১৬৬ রানে গুটিয়ে গেছে পূর্বাঞ্চলের প্রথম ইনিংস। ৭০ রানের ইনিংস খেলে দলকে টেনেছেন আশরাফুল। আফিফ ৩৭, প্রিতম কুমার ২৬, নাঈম হাসান ১৫ রান করেন। পেস সহায়ক উইকেটে উত্তরাঞ্চলের বাঁহাতি পেসার শফিকুল ইসলাম দারুণ বোলিং করেছেন। তার ধাক্কায় ১০ রানে ৩ উইকেট হারায় পূর্বাঞ্চল। পঞ্চম ওভারের প্রথম দুই বলে ইমরুল, শামসুরকে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন শফিকুল। হ্যাটট্রিক না পেলেও চতুর্থ বলে শাহাদাত হোসেন দিপুকে ফেরান তিনি। ৩৫ রানে ৫ উইকেট নিয়েছেন এ তরুণ পেসার। সানজামুল ৩টি, শরীফউল্লাহ ২টি করে উইকেট পান। পরে ব্যাট করতে নেমে উত্তরাঞ্চল বিনা উইকেটে ৭১ রান তুলে গতকাল প্রথম দিনের খেলা শেষ করেছে। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ৩৫ ও জুনায়েদ সিদ্দিকী ৩০ রানে ব্যাট করছেন।

ইত্তেফাক/এমআর