তুষারপাতে বিপর্যস্ত সিকিম, পর্যটকদের উদ্ধারে সেনাবাহিনী

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ০০:২০

টানা তুষারপাতের কারণে ভারতের সিকিমের ছাঙ্গুতে আটকে পড়েছে হাজারো পর্যটক। এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ছাঙ্গুতে এখনো এক হাজার ১২৭ জন পর্যটক অবস্থান করছে। তারা নিরাপদ আশ্রয়ে আছে।

সিকিমে কয়েকদিন ধরে ভারী তুষারপাত চলছে। অতিরিক্ত বরফ পড়ছে লাচেন, নাথুলা ও ছাঙ্গু এলাকায়। যার কারণে পর্যটকদের অসংখ্য গাড়ি আটকে পড়েছে ওইসব এলাকায়।

জানা গেছে, ভারী তুষারপাতের কারণে একক হাজার ১২৭ জন পর্যটক ছাঙ্গুতে আটকা। তীব্র তুষারপাতের কারণে নাথুলা পর্যন্ত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে।

জানা গেছে, অতিরক্ত বরফের কারণে তুষাররাজ্যে পরিণত হয়েছে সিকিম। রাস্তায় স্তূপ জমা হয়েছে বরফের। ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে।

সিকিম প্রশাসন জানিয়েছে, দুর্যোগের কারণে পর্যটকদের ২৭৫টি গাড়ি আটকে পড়েছিল ছাঙ্গুতে। শুধু গতকাল ৪০০ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। সেনা ক্যাম্পে চিকিৎসা চলেছে অসুস্থ পর্যটকদের।

ইত্তেফাক/টিআর