সিএমএইচে চিকিত্সা নিয়েছেন এরশাদ

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ০০:৪৪

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) একদিনের চিকিত্সা নিয়ে বাসায় না গিয়ে গোপন স্থানে অবস্থান করছেন। অসুস্থ হয়ে পড়ায় বৃহস্পতিবার তিনি সিএমএইচে ভর্তি হন। কিছু পরীক্ষানিরীক্ষা শেষে শনিবার রাত সাড়ে ১১টায় তিনি হাসপাতাল ত্যাগ করেন। তবে বারিধারায় নিজ বাসায় না গিয়ে গুলশানে একটি বহুতল ভবনের ফ্ল্যাটে এরশাদ অবস্থান করছেন বলে জানা গেছে।

এরশাদের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এতদিন তার রক্তে কিছু দিন পরপর সোডিয়ামের ঘাটতি দেখা দিত। এজন্য তাকে হাসপাতালে ভর্তি হয়ে রক্ত নিতে হতো। এবার তার রক্তে প্ল্যাটিলেটের সংখ্যাও কমে আসে। এ জন্য তাকে সিএমইএইচে নেয়া হয়। জাপার চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভ রায় জানিয়েছেন, চিকিত্সকরা তাকে কিছু পরীক্ষানিরীক্ষা দিয়েছেন। তবে তিনি সুস্থ। অবশ্য খোঁজ নিয়ে জানা গেছে, তৃতীয় স্থানে অবস্থান করে এরশাদ দলীয় মনোনয়ন দেওয়া নিয়ে বিভিন্নজনের সঙ্গে গোপন বৈঠক করছেন। এছাড়াও সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। আগামীকাল মঙ্গলবার জাপার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার নেয়ার কথা রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।