ফ্রান্সে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, চার শতাধিক আহত

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ০০:৪৪

জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গতকাল রবিবার টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে চার শতাধিক লোক আহত হয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এদিন দেড় শতাধিক লোককে পুলিশ আটক করেছে। এছাড়া ৩শ জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে। আগের দিনের ধারাবাহিকতায় গতকাল প্রায় ৩ লাখ লোক রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করে। ইয়েলো ভেস্ট নামের এই আন্দোলনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে।

সমপ্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জ্বালানি কর বৃদ্ধি করেছেন। এই নিয়ে ক্ষুব্ধ নাগরিকরা তৃণমূল পর্যায়ে জ্বালানির বাড়তি মূল্য বিরোধী আন্দোলন ‘ইয়োলো ভেস্ট’ শুরু করেছেন। গত ১২ মাসে ফ্রান্সে ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানো হয়েছে। দেশটির বেশিরভাগ গাড়িতে ডিজেল ব্যবহার করা হয়ে থাকে। বিশ্ববাজারে তেলের দাম কমলেও প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সরকার সেখানে ‘পরিস্কার গাড়ি ও জ্বালানি’ প্রচারাভিযানের অংশ হিসেবে তেলের ওপর হাইড্রোকার্বন ট্যাক্স বাড়িয়েছে। -বিবিসি