কক্সবাজারে আবাসিক হোটেল থেকে আটক ২১

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ২৩:২০

কক্সবাজার শহরের লালদীঘিপাড়ের হোটেল পাঁচতারা ও আহসান বোর্ডিংয়ে পুলিশের অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। 

এসময় ইয়াবা সেবনের সরঞ্জাম ও যৌন উত্তেজক মেডিসিন এবং ২ বস্তা কনডম উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, লালদিঘীর পাড় এলাকার মৃত সৈয়দ নুরের ছেলে রমজান আলী সিকদারের মালিকানাধীন হোটেল পাঁচতারা ও মৃত আহসান উল্লাহর ছেলে শহর আলীর মালিকানাধীন আহসান বোর্ডিং এ প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপ চলে। অফিস-আদালতে আসা সাধারণ মানুষ চলাফেরায়  অস্বস্তিবোধ করেন। পরিবার-পরিজন নিয়ে চলাফেরায়ও পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ এ অভিযান চালায়। 

কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) সেলিম উদ্দিন জানান, শহরের লালদীঘি পাড়ের হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। হোটেল পাঁচতারা ও আহসান বোর্ডিংয়ে অভিযান চালিয়ে ১৪ খদ্দের ও ৭ পতিতা আটক করা হয়েছে। পতিতাবৃত্তির দায়ে এসব হোটেলের মালিকদেরও আইনের আওতায় আনা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি। 

ইত্তেফাক/কেকে