ঘিওরের বানিয়াজুরী ইউনিয়নে গত রবিবার অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস আর আনসারী বিল্টু। তার চাচাতো ভাই একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে মোরগ মার্কায় নির্বাচনে জয় লাভ করেন মিঠুন আনসারী।
দুই ভাই একই ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর হওয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, এমন ঘটনা মানিকগঞ্জে আগে কখনো দৃষ্টিগোচর হয়নি। আনসারী বিল্টু ও মিঠুন আনসারীর বাড়ি উপজেলার বানিয়াজুরী গ্রামে। তারা সম্পর্কে আপন চাচাতো ও একই সঙ্গে খালাতো ভাই। পরিবার পরিজন নিয়ে একই বাড়িতে বসবাস করেন তারা। আনসারী বিল্টু এর আগেও দুই বার চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। এবারই প্রথম জয় পেলেন তিনি।
অপরদিকে, মিঠুন আনসারী এর আগে দুই বার নির্বাচন করেছেন, একবার জয়ী হয়ে মেম্বার হয়েছিলেন। এবারেরটা নিয়ে তিনি দ্বিতীয় বার মেম্বার হলেন। নবনির্বাচিত চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু বলেন, জনগণের ভালোবাসা, সমর্থন পেয়ে জয় লাভ করেছি। মিঠুন আমার ভাই কিন্তু সে এখন পরিষদের একজন সদস্য, আমার মতোই একজন জনগণের সেবক।
