কান মনোনয়নে শিল্পী সরকার অপু’র ছবি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০৭:২১

বাংলাদেশের টিভি নাটকের একজন গুণী অভিনেত্রী শিল্পী সরকার অপু। অভিনয় জীবনের দীর্ঘদিনের পথচলায় তিনি বহু নাটকে অভিনয় করেছেন। অভিনয় করেছেন সিনেমাতেও। 

এর পাশাপাশি বেশকিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তারমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে সিনেমাটোগ্রাফার সাহিল রনি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য সৌল’ (মানুষ)। শিল্পী সরকার অপু অভিনীত সাহিল রনির এই চলচ্চিত্রটি এরইমধ্যে জায়গা করে নিয়েছে ‘কান ফিল্ম ফ্যাস্টিভ্যাল’-এ। উত্সবের ‘বেস্ট সিনেমাটোগ্রাফি’ ক্যাটাগরিতে মনোয়ন পেয়েছে সিনেমাটি। 

অপু এবং সাহিল রনি জানান, একইসঙ্গে একই ক্যাটাগরির জন্য আরও মনোনয়ন পেয়েছেন সুইজারল্যান্ডের ইভান ফ্রেডম্যান (গার্ডিয়ানস অব প্যারাডাইস) ও যুক্তরাষ্ট্রের কোডি নিউটন (হেয়ার ইজ হোয়্যার দ্য মনস্টারস লিভ)। নিজের অভিনীত চলচ্চিত্র ‘কান ফিল্ম ফ্যাস্টিভ্যাল’এ মনোনয়ন পেয়েছে, তা যে ক্যাটাগরিতেই হোক, কিন্তু তাতেই ভীষণ উচ্ছসিত শিল্পী সরকার অপু। 

অপু বলেন, ‘সত্যি বলতে কী এই চলচ্চিত্রটি নিমা‌র্ণের জন্য সাহিল রনি অনেক শ্রম দিয়েছে, কষ্ট করেছে এমন কী অনেক কিছু তাকে ত্যাগও করতে হয়েছে। একজন নিমা‌র্তার অনেক সাধনার ফসল এই চলচ্চিত্রটি। সমাজের নানা ধরনের মানুষ একসঙ্গে মিলেমিশে থাকার যে গুরুত্ব, সেটিই তুলে ধরা হয়েছে এ চলচ্চিত্রে। আমার ভীষণ ভালো লেগেছে এতে অভিনয় করে।’