খুলনায় একযোগে বিএনপির ৫৬১ নেতাকর্মীর পদত্যাগ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০৯:২৪

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে খুলনা সদর এবং সোনাডাঙ্গা থানার ১৬টি ওয়ার্ড ও অঙ্গসংগঠনের ৫৬১ নেতাকর্মী পদত্যাগ করেছেন। গত রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান অপু এবং সোনাডাঙ্গা থানার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন, খুলনা সদর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল খান কালাম, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান অপু, সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু, সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন খোকন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইস্তিয়াক উদ্দিন লাভলু, জাসাস আহ্বায়ক মেহেদী হাসান দিপু প্রমুখ।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২৫ ডিসেম্বর নজরুল ইসলাম মঞ্জুকে দল থেকে অব্যাহতি দেয় বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। এ ঘটনায় ঐ দিন সন্ধ্যায় মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুব কায়সার, খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এসএম আরিফুর রহমান মিঠু পদত্যাগ করেন।

আসাদুজ্জামান মুরাদ বলেন, পদত্যাগকারী নেতাকর্মীদের তালিকায় বিএনপির আরও অনেক নেতাকর্মীর নাম রয়েছে। তালিকা হাতে পেলেই তাদের নাম ও দলীয় পদমর্যাদা জানানো হবে।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর খুলনা মহানগর ও জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মহানগর কমিটির সভাপতি পদ থেকে নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বাদ পড়েন।

এদিকে, গত ২৫ ডিসেম্বর নগরীর কে ডি ঘোষ রোডস্হ দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় খুলনা মহানগরীর পাঁচ থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

ইত্তেফাক/এমআর