পিঠের নিচের অংশের ইনজুরির কারণে আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়লেন ভারতের অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়া। তার পরিবর্তে ওয়ানডে দলে ডাক পেয়েছেন স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আপাতত টি-টোয়েন্টি সিরিজে পান্ডিয়ার কোনো বিকল্প ভাবা হচ্ছে না।
আসন্ন সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে দু’টি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলবে ভারত। টি-টোয়েন্টি সিরিজ শেষে আগামী দুই মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।
এর আগে ইনজুরি কাটিয়ে ফিরেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু, সেই সফর চলাকালেই টেলিভিশন অনুষ্ঠানে বেফাঁস মন্তব্য করায় তাকে ও লোকেশ রাহুলকে সাময়িকভাবে নিষিদ্ধ করে বিসিসিআই। এরপর অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেই ফিরেছিলেন। পারফরম্যান্সও মন্দ নয়। এবার দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আবারো বিদ্রোহ করে উঠলো শরীর।
সংস্থাটি বিবৃতিতে বলেছে, ‘পিঠের নিচের অংশের ইনজুরির জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজের কোনো ম্যাচই খেলতে পারবেন না অলরাউন্ডার পান্ডিয়া। সুস্থ হবার জন্য তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে বিসিসিআইয়ের ডাক্তাররা। ফিটনেস ফিরিয়ে আনার জন্য ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পাঠানো হয়েছে তাকে। পান্ডিয়া আগামী সপ্তাহ থেকে নিজের ফিটনেস ফিরে পাবার কাজ শুরু করবেন। তাই টি-টোয়েন্টি স্কোয়াড ১৪ জনের দলেই থাকবে। তবে ওয়ানডে দলে পান্ডিয়ার পরিবর্তে খেলবেন রবীন্দ্র জাদেজা।’ - এনডিটিভি/ক্রিকবাজ
