সময় অনুযায়ী গ্রাহকের কাছে জিনিস পৌঁছে দেওয়া এবং পণ্যের গুণমান বজায় রাখাই অনলাইন শপিং সাইটগুলোর জনপ্রিয়তার অন্যতম কারণ। যদিও অনলাইনে কেনাকাটা করতে গিয়ে সম্প্রতি ঠকছেন বহু মানুষ। এমনই এক ঘটনা ঘটল ইংল্যান্ডের লিডসের বাসিন্দা ড্যানিয়েল ক্যারলের সঙ্গে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, গত ২ ডিসেম্বর মার্কিন মোবাইল প্রস্তুতকারক সংস্থা অ্যাপেলের নিজস্ব ওয়েবসাইটে একটি আইফোন ১৩ অর্ডার দেন ড্যানিয়েল। ফোনটির বর্তমান বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। পণ্য সরবরাহকারী সংস্থা ডিএইচএল ১৭ ডিসেম্বরের মধ্যে সেই মোবাইল ড্যানিয়েলের বাড়ি পৌঁছে দেবে বলে জানিয়েছিল।
কিন্তু প্রায় দুই সপ্তাহ পর গত শুক্রবার পর্যন্ত সেই ফোন হাতে না পেয়ে তিনি ডিএইচএলের গুদাম থেকে মোবাইলটি ডেলিভারি নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই কথা তিনি সংস্থার ওয়েবসাইটে জানালে তাকে শনিবার আসতে বলা হয়।
বাড়ি থেকে ২৪ মাইল দূরে ডিএইচএলের গুদাম থেকে মোবাইলটি নেওয়ার পর তার প্যাকিংয়ের গুণগত মান নিয়ে সন্দেহ তৈরি হয় ড্যানিয়েলের মনে। তড়িঘড়ি বাক্সটি খুলতেই তার চক্ষু চড়কগাছ! মোবাইলের বদলে বাক্সের ভেতরে রাখা ছিল দুটি চকলেট। তাও আবার টয়লেট পেপারে মোড়ানো। ঘটনাটির বিস্তারিত জানিয়ে টুইটারে পোস্ট করেন ড্যানিয়েল। তার পোস্টে সরবরাহকারী সংস্থা ডিএইচএলকেও ট্যাগ করেন।
এদিকে ড্যানিয়েলকে সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই ঘটনাটির অন্তর্বর্তী তদন্ত শুরু করেছে তারা। ড্যানিয়েলকে যাতে চকলেটের পরিবর্তে মোবাইলটি পৌঁছে দেওয়া যায়, সেই জন্য অ্যাপেলের সঙ্গেও যোগাযোগ রাখছে তারা।
ইত্তেফাক/এনএ
