এক টুইটেই চাপে ইমরান খান 

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৯:০৮

একটি ভিডিও টুইট বার্তাই কাল হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানে! এই টুইটের কারণে এখন শিকার হচ্ছেন ট্রলের। 

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার টুইটারে  ৪৫ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন ইমরান খান। ক্যাপশনে লিখেন, খাপলুতে লাজুক তুষার চিতাবাঘের এক বিরল ছবি। 

এমন পোষ্ট করার পরই ইমরান খানের কমেন্ট বক্সে আসে আক্রমণাত্বক মন্তব্য। অনেকে করেন সমালোচনা, কেউ করেন ব্যঙ্গ। ইমরান খানের পোষ্ট ঘিরে আলোচনায় আসে দেশজুড়ে বাড়তে থাকা পেট্রল, গ্যাস, এবং বিদ্যুতের দাম।

এক ব্যবহারকারী লিখেছেন, পুরো জাতি মুদ্রাস্ফীতি এবং দারিদ্রের সঙ্গে লড়াই করে চলেছে, আর প্রধানমন্ত্রীর নজর শুধু পর্যটনের দিকে।

তবে এতে দমে যাননি পাক এই প্রধানমন্ত্রী। এরপর আরো একটি তুষার চিতাবাঘের ভিডিও শেয়ার করেন তিনি। লিখেন, ‘তুষার চিতাবাঘের এ রকম একাধিক ভিডিও পাঠানো হয়েছে আমাকে, যা এ বছরই তোলা। ... আমার সরকার কড়া পদক্ষেপ করতেই এদের সংখ্যা বাড়ছে...।’

ইমরান খানের এই পোষ্টেও বয়ে যায় কটাক্ষের বন্যা। এতে এক  টুইটার ব্যবহারকারী লিখেন,দেশবাসী না-খেতে পেয়ে মারা যাচ্ছেন, আর আপনি পর্যটন নিয়ে পড়ে আছেন... দু’বেলা রুটি জোগাড় করতেও হিমশিম খাচ্ছে মানুষ।

আরেক ব্যবহারকারী লিখেছেন,পাকিস্তানে মানুষের নিরাপত্তার ঠিক নেই, তবে তুষার চিতাবাঘের সংখ্যা বেড়ে চলেছে!

ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ সরকার গড়ার প্রথম বছরেই দেশটিতে বেকারত্বের হার অনেকটা বেড়ে যায়। লেবার ফোর্স সার্ভে  (এলএফএস) অনুসারে পাকিস্তান ব্যুরো অফ স্ট্যাটিস্টিকস (পিবিএস) প্রকাশিত প্রতিবেদনে জানা যায় দেশটিতে ২০১৭-১৮ সালে বেকারত্বের হার ৫ দশমিক ৮ শতাংশ থেকে ২০১৮-১৯ সালে বেড়ে ৬ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে। 

এছাড়া দেশটির মুদ্রার দরও ডলারের হিসেবে  ৩০ দশমিক ৫ শতাংশে পড়ে গেছে। একই সঙ্গে জিনিসপত্রের  দাম উঠেছে আকাশছোঁয়া। 

 

ইত্তেফাক/এসআর