ইউআইইউতে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও প্রযুক্তি বিষয়ক সম্মেলন

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ২০:৫৩

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও প্রযুক্তি বিষয়ক ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন (আইসিডিআরইটি-২০২১) শুরু হয়েছে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আজ সকাল সাড়ে ১০ টার দিকে ভার্চুয়ালি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী) ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী।

ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাঈনুউদ্দিন হাসান রশিদ এবং আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার অধ্যাপক ড. এম. মশিউল হক।

স্বাগত বক্তব্য দেন আইসিডিআরইটি’২১ সম্মেলনের টেকনিক্যাল চেয়ার অধ্যাপক ড. ইন্তেখাব আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আইসিডিআরইটি’২১ সম্মেলনের অর্গানাইজিং চেয়ার এবং ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. এম. রিজওয়ান খান এবং ইউআইইউ’র স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক ড. রাকিবুল মোস্তাফা। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন আইসিডিআরইটি’২১ সম্মেলনের অর্গানাইজিং কো-চেয়ার এবং ইউআইইউ সিইআর-এর পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী।

বক্তারা মানবজাতির ভবিষ্যতকে নিরাপদ রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য সবার দৈনন্দিন জীবনে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করেন। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় নবায়নযোগ্য শক্তির উন্নয়ন অর্থনৈতিকভাবে কিভাবে লাভবান হবে তা নিয়ে সম্মেলনে বিশদ আলোচনা করেন বক্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তাবৃন্দ, জ্বালানি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, গবেষক, অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/বিএএফ