ফেনীর ওয়াপদা মাঠে বুধবার (২৯ ডিসেম্বর) বিএনপি ও যুবলীগের সমাবেশ আহ্বান করায় শহর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
বিএনপি-যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ফেনীতে মঙ্গলবার দুপুর ২টা থেকে বিএনপির সমাবেশ করার কথা ছিল। ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর মৃত্যুতে জেলা বিএনপির পূর্বঘোষিত জনসভা স্থগিত করা হয়।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, ওয়াপদা মাঠের সমাবেশকে সফল করার লক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা বিএনপি। মঙ্গলবার রাতে হঠাৎ করে ওয়াপদা মাঠে বিএনপির সমাবেশস্থলে পাল্টা সমাবেশ ডেকেছে যুবলীগ।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী জানান, তারা বুধবার দুপুর ১২টায় শহরের ওয়াপদা মাঠে কর্মিসভা আহ্বান করেছেন। সভার জন্য জেলা প্রশাসনের অনুমতি চেয়ে আবেদনও করা হয়েছে।
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, উক্ত স্থানে মঙ্গলবার বিএনপির সমাবেশ করার কথা ছিল। অনিবার্য কারণে তা স্থগিত করা হয়। বুধবার একই স্থানে সমাবেশ করতে বিএনপি আবেদন করে। কিন্তু প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। অন্যদিকে জেলা যুবলীগ উক্ত স্থানে কর্মী সমাবেশের জন্য অনুমতি চায়। একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় পরিস্থিতি স্থিতিশীল রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ওমিক্রনে বিপর্যস্ত হতে পারে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থা, হু'র সতর্কবার্তা