৩২ বছর বয়সেই না ফেরার দেশে উদ্যোক্তা পাংখুরী শ্রীবাস্তব

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ০১:২৩

ভারতীয় উদ্যোক্তা পাংখুরী শ্রীবাস্তব। তিনি নারী-কেন্দ্রিক সামাজিক উদ্যোগ 'পাংখুরী' এবং বাড়ি ভাড়ার স্টার্টআপ গ্রাবহাউসের প্রতিষ্ঠাতা। গত ২৪ ডিসেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন ৩২ বছর বয়সী এই তরুণী। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

কোম্পানির পক্ষ থেকে এক টুইট বার্তায় তথ্যটি জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা আমাদের প্রিয় সিইও পাংখুরী শ্রীবাস্তবের মৃত্যুতে শোক প্রকাশ করছি। হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় গত ২৪ ডিসেম্বর ২০২১, আমরা তাকে হারিয়েছি।’

পাংখুরী হলো একটি সিকোইয়া ক্যাপিটাল-সমর্থিত সামাজিক সম্প্রদায়ের প্ল্যাটফর্ম। যা ভারতে নারীদের জন্য লাইভ স্ট্রিমিং, চ্যাট এবং মাইক্রো-কোর্সের মাধ্যমে অনলাইনে নেটওয়ার্ক শিখতে এবং কেনাকাটা করতে সহায়তা করে।

 এক বছর আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই উদ্যোক্তা। এখন সবই স্মৃতি

পাংখুরী প্রতিষ্ঠার আগে এই তরুণী রেন্টাল স্টার্ট-আপ গ্র্যাবহাউস প্রতিষ্ঠা করেছিলেন। যা ২০১৬ সালে অনলাইন ক্লাসিফাইড কোম্পানি কুইকার দ্বারা স্বীকৃতি পায়।

রাজীব গান্ধী টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাশ করেছিলেন পাংখুরী শ্রীবাস্তব। তিনি টিচ ফর ইন্ডিয়ার ফেলোশিপ প্রোগ্রামের অধীনে মুম্বাইয়ের মিউনিসিপ্যাল ​​স্কুলে পড়াতেন। এক বছর আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। গত ২ ডিসেম্বর প্রথম বিবাহবার্ষিকীও উদযাপন করেন।

ইত্তেফাক/টিএ