মিয়ানমারে জনপ্রিয় মডেলের কারাদণ্ড

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ০২:১৭

সামরিক অভ্যুত্থানবিরোধী গণবিক্ষোভে অংশ নেওয়ায় মিয়ানমারের অন্যতম জনপ্রিয় একজন মডেল ও অভিনেতাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর ঐ ব্যাপক বিক্ষোভ মিয়ানমারকে কাঁপিয়ে দিয়েছিল। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, মডেল ও অভিনেতা পেইং তাখোন সেই প্রতিবাদে অংশ নিয়েছিলেন এবং অনলাইনে জান্তা সরকারের বিরুদ্ধে সরব ভূমিকা পালন করেন। মিয়ানমারে তার লাখ লাখ ভক্ত ও অনুসারী আছে।

নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে অং সান সু চির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। তারপর ক্ষমতা দখল করে ব্যাপক দমনপীড়ন শুরু করে। তাখোনের বোনের ফেসবুক পোস্টের ভাষ্য অনুযায়ী, এপ্রিলের এক দিনে স্থানীয় সময় ভোর ৫টায় আটটি সামরিক ট্রাকে করে আসা প্রায় ৫০ জন সৈন্য তাখোনকে গ্রেফতার করে নিয়ে যায়।

সামরিক অভ্যুত্থানবিরোধী গণবিক্ষোভে পেইং তাখোন, ফাইল ছবি (এএফপি)

এর আগে ২৪ বছর বয়সী তাখোনকে বেশ কিছু বিক্ষোভ ও মিছিলে অংশ নিতে দেখা গিয়েছিল। তিনি ক্ষমতাচ্যুত বেসামরিক নেত্রী অং সান সু চির বেশ কিছু ছবি পোস্ট করে তার মুক্তি দাবি করেন। ক্ষমতাচ্যুত করার পর থেকেই সু চিকে কারাবন্দি করে রাখা হয়।

সম্প্রতি ভিন্নমত উসকে দেওয়া ও কোভিড বিধি ভঙ্গের দায়ে তাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। যদিও পরে সাজার মেয়াদ কমিয়ে দুই বছর করা হয়েছে। এক অনলাইন পোস্টে তাখোন লিখেছিলেন, ‘আমরা সামরিক অভ্যুত্থানের তীব্র নিন্দা জানাই। স্টেট কাউন্সিলর অং সান সু চি, প্রেসিডেন্ট উয়িন মিন্ট, বেসামরিক সরকারের মন্ত্রীদের ও পার্লামেন্টের নির্বাচিত সদস্যদের আশু মুক্তির দাবি জানাই।’

ইত্তেফাক/টিএ