তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশে ৫.৪ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (আফাদ) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল কারাকোপ্রু অঞ্চলে।
সংস্থাটি জানায়, ভূগর্ভের প্রায় ৭.৩৯ কিলোমিটার (৪.৬ মাইল) গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। প্রবল এই কম্পন আশেপাশের একাধিক প্রদেশেও জোরালোভাবে অনুভূত হয়েছে।
শানলিউর্ফার গভর্নর হাসান সিলদাক আনাদোলু এজেন্সিকে জানান, প্রাথমিক মূল্যায়নে শহরটিতে কোনো হতাহত কিংবা অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি।
গভর্নর আরও জানান, সংশ্লিষ্ট উদ্ধার ও পর্যবেক্ষণকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন ও তদারকি কাজ অব্যাহত রেখেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি।

