প্রিমিয়ার ফুটবল লিগের নবাগত দল বসুন্ধরা কিংসের কাছে বড় হারের পর সেই থেকে আবাহনী অপেক্ষায় ছিল বসুন্ধরা কিংস কখন পয়েন্ট হারাবে। সেটাকেই লুফে নেবে আবাহনী। বসুন্ধরা নোয়াখালীতে খেলতে গিয়ে বিজেএমসিকে হারাতে পারেনি। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা বিজেএমসিকে হারিয়ে যেখানে বড় জয় নিয়ে ঢাকায় ফেরার কথা সেখানে উল্টো মহামূল্যবান পয়েন্ট হারিয়ে বড় ক্ষতি মাথায় নিয়েছে। উড়তে থাকা বসুন্ধরা কিংসকে থামিয়ে চমক দিয়েছে বিজেএমসি। বসুন্ধরার ড্রয়ে খুশি আবাহনী। তারা এ অপেক্ষায় ছিল কখন পয়েন্ট হারায়। সেই আশা পূরণ হয়েছে আবাহনীর। এক ম্যাচ বেশি খেলে আবাহনী পয়েন্ট টেবিলের শীর্ষে। আজ আরো একটি ম্যাচ খেলার অপেক্ষায়। আজ সিলেটে শেখ রাসেল ক্রীড়া চক্রের ভেন্যুতে শেখ রাসেলের বিপক্ষে খেলবে আবাহনী। সেখানে যদি জিততে পারে তা হলে এগিয়ে যাবে। পেছনে থাকা বসুন্ধরা কিংস যদি রবিবারের খেলায় ময়মনসিংহে আরামবাগকে হারাতে পারে তা হলেও আবাহনীর পেছনে থাকবে, এক ম্যাচ কম খেলে। টেনশনে রয়েছে বড় বাজেটের দল বসুন্ধরা কিংস। সিলেটে আবাহনীর কঠিন পরীক্ষা। শেখ রাসেল এরই মধ্যে তাদের ভেন্যু সিলেট জেলা স্টেডিয়ামে ৩-০ গোলে মোহামেডানকে এবং ১-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে ভালো অবস্থায় রয়েছে। সিলেটের মাঠে জয়ের ‘হ্যাটট্রিক’ নাকি প্রথম হারের অভিজ্ঞতা নেবে সেটি আজ বোঝা যাবে। শেখ রাসেল জিতলে দ্বিতীয় স্থানে উঠে যাওয়ার সুযোগ পাবে। অনেক হিসাব নিকাশ রয়েছে শেখ রাসেলের।
সিলেট জেলা স্টেডিয়ামে সন্ধ্যায় যখন ঢাকার দুই দলের লড়াই শুরু হবে তার আগেই ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডানের লড়াই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। অনেক বাধা উপড়ে জয়ের পথে উঠে এসেছে শেখ জামাল। গত ম্যাচে শেখ রাসেলের বিপক্ষে গোল শূন্য ড্র করলেও শেখ জামাল আজ মোহামেডানকে হারানোর ছক তৈরি করেছে। ফুটবল মাঠে ভঙ্গুর মোহামেডানের কঙ্কাল চিত্র দেখছে দর্শক। কোচ আলী আজগর নাসির চলে যাওয়ার পর মোহামেডান কোচ নেয়নি। সহকারী শহিদুল ইসলাম জুয়েলকে সামনে রেখে খেলোয়াড় কর্মকর্তারা সিদ্ধান্ত দিয়ে যাচ্ছেন। প্রথম খেলায় বিজেএমসিকে হারানোর পর হারের বৃত্তে বন্দি। শেষ ম্যাচটা চট্টগ্রাম আবাহনীর শক্তিশালী দলের বিপক্ষে গোল শূন্য ড্র করে হারের ধাক্কা সামাল দিয়েছে। আজ বোঝা যাবে মোহামেডান দ্বিতীয় জয়ের মুখ দেখবে নাকি আবার হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়বে।
আজকের খেলা:
মোহামেডান ও শেখ জামাল। ৪টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম। আবাহনী ও শেখ রাসেল। ৬টা ৩০, সিলেট জেলা স্টেডিয়াম।
