ব্যালট পেপারসহ প্রিজাইডিং অফিসার আটক

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১১:১৩

শেরপুরের শ্রীবরদীতে নির্বাচনের দুই দিন পর ভোটকেন্দ্র থেকে বস্তাভর্তি ব্যালট পেপারসহ ছাবেদ আলী নামে এক প্রিজাইডিং অফিসারকে আটক করেছে থানার পুলিশ। মঙ্গলবার উপজেলার রাণীশিশূল ইউনিয়নের বাঘহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত ২৬ ডিসেম্বর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দুই দিন পর এদিন সকালে ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ছাবেদ আলীর কাছে বস্তাভর্তি ব্যালট পেপার দেখে স্থানীয় জনতা তাকে অবরুদ্ধ করে রাখে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানার পুলিশ ঘটনাস্থলে এসে ব্যালট পেপারসহ প্রিজাইডিং অফিসার ছাবেদ আলীকে আটক করে।

এ বিষয়ে প্রিজাইডিং অফিসার ছাবেদ আলীর দাবি, ভোট গণনার পর ভুলে ব্যালট পেপারগুলো ফেলে রাখা হয়েছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার বলেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।