লিভারপুলের অনিষ্টের লক্ষ্যে ম্যান ইউ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১২

ম্যানচেস্টার ইউনাইটেড হয়তো শিরোপা লড়াইয়ে নেই। তাতে কি? কোচ ওলে গুনার সোলসারের দলটি ইংলিশ প্রিমিয়ার লিগ কে জিততে পারে তাতে একটা বড় ভূমিকা রাখতে পারে। আগামী রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে লিভারপুলের বিরুদ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলাটিকে ঘিরেই এমন কথা বলা হচ্ছে।

কোচ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি বর্তমানে য়ুর্গেন ক্লপের লিভারপুলের সাথে গোল ব্যবধানে এগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। উভয় দলই আছে ৬৫ পয়েন্টে। চতুর্থ স্থানে থাকা ইউনাইটেডের চাইতে উভয়েই ১৪ পয়েন্টে এগিয়ে।

সিটির আগামী সপ্তাহে কোনো খেলা নেই। তাই ইউনাইটেডের বিরুদ্ধে জিতলে লিভারপুল উঠে আসবে প্রিমিয়ার লিগের শীর্ষে। ইউনাইটেডের সাথে সিটির ফিরতি খেলা বাকি; কিন্তু বিস্ময়করভাবে কোচ সোলসারের কোনো কোনো সমর্থক সিটির চাইতেও লিভারপুলের শিরোপা সম্ভাবনায় বাগড়া দিতে বেশি আগ্রহী। লিভারপুল ১৯৯০-এর পর আর কোনো লিগ শিরোপা জেতেনি। অথচ একই সময়ে ইউনাইটেড জিতেছে ১৩টি এবং তাদের কোনো কোনো সমর্থক বিষয়টি মনে করিয়ে দিতে চায় ক্লপের দলকে। তবে নগর পড়শিদের সাথে লড়াইয়ের পাশাপাশি ভারপ্রাপ্ত কোচ সোলসারও চাইবেন পদটি পাকা করার লক্ষ্যে ভাল কিছু করতে। নরওয়ের বাসিন্দা সোলসার ইউনাইটেডের সাবেক খেলোয়াড় এবং নিজের প্রথম ১৩ খেলায় ১১ জয়ের সুবাদে সমর্থকদের মধ্যে বিপুলভাবে জনপ্রিয়। ক্লপের লিভারপুলকে হারাতে পারলে সোলসারের জনপ্রিয়তা আকাশচুম্বি হবে। কারণ ডিসেম্বরে অ্যানফিল্ডে এই লিভারপুলের কাছে হেরেই চাকরি খুইয়েছিলেন কোচ হোসে মরিনহো। ইতোমধ্যে ঘুরে দাঁড়ানো ইউনাইটেড চেলসিকে ২-০ গোলে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। অপরদিকে লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখের সাথে গোলশূন্য ড্রয়ের প্রেক্ষাপটে লিগের এ লড়াইয়ে নামতে যাচ্ছে।

আসন্ন লড়াইয়ের প্রাক্কালে লিভারপুলের লেফট ব্যাক অ্যান্ড্রু রবার্টসন বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে এটা অনেক বড় একটা খেলা। তাদের বিরুদ্ধে এটা সব সময়েই বড়।’