জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাহী পরিষদ-২০২২ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত উপাচার্যপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ ১৫টি পদের মধ্যে ১২টি পদে জয়লাভ করেছে।
বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম।
নির্বাচনে সভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ ও সাধারণ সম্পাদক পদে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক মো. মোতাহার হোসেন জয়লাভ করেছেন।
আওয়ামী লীগ সমর্থিত উপাচার্যপন্থী শিক্ষকদের প্যানেল ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ থেকে অন্যান্যদের মধ্যে আরও জয়লাভ করেছেন সহ-সভাপতি পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমত আরা ও কোষাধ্যক্ষ পদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান।
এছাড়া নির্বাহী সদস্যপদে অধ্যাপক এম শামীম কায়সার, সহযোগী অধ্যাপক ফাহমিদা আক্তার, অধ্যাপক বুলবুল আহমেদ, অধ্যাপক মোহাম্মদ নঈম আজিজ আনসার, অধ্যাপক মো. আকবর হোসেন, অধ্যাপক যুগল কৃষ্ণ দাস, অধ্যাপক হাফিজুর রহমান ও অধ্যাপক সৈয়দা ফাহলিজা বেগম জয়লাভ করেছেন।
অন্যদিকে নির্বাচনে উপাচার্য বিরোধী আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত শিক্ষকদের নিয়ে গঠিত প্যানেল ‘শিক্ষক ঐক্য ফোরাম’ থেকে মোট ৩টি পদে জয়লাভ করেছে। এর মধ্যে, যুগ্ম-সম্পাদক পদে রসায়ন বিভাগের অধ্যাপক শাহেদ রানা এবং নির্বাহী সদস্য পদে অধ্যাপক মো. সোহেল রানা ও মো. মনোয়ার হোসেন জয়লাভ করেছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমি সর্বদাই একটি সুন্দর শিক্ষক সমিতি চেয়েছি। যাদের মাধ্যমে ২০৪১ সালের লক্ষ্য পূরণের জন্য একটি আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলা যায়। অবকাঠামো ও গবেষণাতে উৎকর্ষ সাধন করা যায়।
এছাড়া অধ্যাপক ফারজানা ইসলাম শিক্ষক সমিতির নতুন নেতৃত্বকে মেধা ও জ্ঞান চর্চার পাশাপাশি মানবিকতার চর্চা করতে আহ্বান জানান।
উল্লেখ্য, এ বারের নির্বাচনে ৬০৬টি ভোটের মধ্যে ৫৭৮টি ভোট কাস্ট হয়েছে। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র থেকে মোট ৩২ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
